Saturday, August 20, 2016

আবার সে এসেছে ফিরিয়া

চাদ্দিকে যা রম্যের ঘটা, তাই কলম ধরতে ভয় যদি না হাসে পাঠক আমার ? তবুও লিখতে হয়। এই ধরুন মাগ্যির ম্যাগি নিয়ে যা কান্ডটি হল! আমি কোথায় ভাবছিলাম মিডডে মিলে ম্যাগি চালু হল বলে! ম্যাগি তো হল গিয়ে বাচ্ছাদের স্টেপল ফুড এখন। ব্যস্ত গৃহিনী, চাকুরে গৃহিণী, রুগ্ন গৃহিণী, রান্নার মাসীর অনুপস্থিতিতে ল্যাজে গোবরের গৃহিণীর পরম আদরের বন্ধু হল গিয়ে ম্যাগি। স্থলে, জলে, অন্তরীক্ষ্যে, এভারেস্টের মাথা থেকে কন্যাকুমারীকার জলে যেখানে যাবে কাপ্-ও-নুডলসের খাপ কিম্বা ম্যাগির পরিচিত হলদে প্যাকেটটি পেয়ে যাবে। তা না দেখি আমার প্রিয় ম্যাগির নামে কত কেচ্ছা! মোনো সোডিয়াম গ্লুটামেট আছে তাতে, লেড আছে তাতে! আরে থাকুকনা মশাই! কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোতে পারে! জানেননা? আজ যে রাজা কাল সে ফকির। চিরদিন, কাহারো সমান নাহি যায়! আজ যে সিবিআইয়ের ফাঁদে কাল সিবিআই যে তার ফাঁদে পড়বেনা কে বলতে পারে? এফ এম সি জির দলদাস আমরা কি বাপু অতশত বুঝি? আমাদের যেমন চালাও তেমন চলি। আমরা যন্ত্র, মিডিয়া আমাদের যন্ত্রী। মোদের যেমন নাচাও, মোরা তেমনি নাচি । ধরুণ ম্যাগিকান্ডের কোপ এবার গিয়ে সোজা পড়ল পাড়ার ফুচকার ফ্যাক্টরীতে অথবা আইসক্রিমের এঁদোগলিতে। ফুচকার জলে নাকি মশার লার্ভা থেকে শুরু করে পুকুরের জল পর্যন্ত থাকে। পুকুরের জলে শৌচকর্মের বীজাণুরা দিব্যি হেসে খেলে বেড়ায়। সস্তার আইসক্রিম নাকি ড্রেনের জলে তৈরী হয়। তাতে জলজ্যান্ত স্ট্যাফাইলোকক্কাসরা দিব্যি বেঁচেবর্তে থাকে দিনের পরদিন আর হিম-সাগরে অবগাহন করে তাদের নাকি মা-ষষ্ঠীর কৃপায় দিব্যি বংশবিস্তার চলতে থাকে। একটু গরমে এলেই ওরা ক্ষমতা দেখায়। গলায় ব্যথা, কাশির অব্যর্থ জীবাণু রূপে রোগসংসারে ওদের খুব নামডাক । ম্যাগিকান্ডে না হয় একটা মাল্টিন্যাশানাল বাঁশ খেল কিন্তু ফুচকায় হাত দিলে কিম্বা ঐ ফুটপাথী আইসক্রিমে হাত দিলে বাঘে ছুঁলে আঠারো ঘা। এক ঘা পড়বে ফুচকাওলার ঘাড়ে। এক ঘা পড়বে লোকাল দাদার ঘাড়ে। এক ঘা পড়বে স্থানীয় কাউন্সিলারের ঘাড়ে। আর বাদবাকী পনেরোটা ছড়িয়ে ছিটিয়ে পড়ার আগেই সেখানকার যত ডাক্তারবাবুরা আছেন তাঁরাই ব্যাপারটাকে চাপা দিয়ে দেবেন। কারণ? কারণ রোগী বিনা ব্যাবসা নাই, ডাক্তারবাবুর ঘুম নাই। অতএব ফুটপাথী ফুচকা ও আইসক্রিম চলতেই থাকবে। লোকাল দাদা আর কাউন্সিলর সাহেবকে ঐ ডাক্তারবাবুরাই ম্যানেজ করে দেবেন। লোক দেখিয়ে দিনকয়েক ফুচকাওলা অন্য পাড়ায় গিয়ে দাঁড়াবে। আইসক্রিম ওয়ালা দুকুরবেলায় না বেরিয়ে সন্ধ্যের ঝুলে আইসক্রিম বিকোবে আর ড্রেনের জলে, পুকুরের জলে চুন ছড়িয়ে কাউন্সিলার সাহেব মাইক হাতে বলবেন" ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হল সর্বত্র অতএব আজ থেকে পত্রপাঠ মশার লার্ভা, স্ট্যাফাইলোকক্কাস অন্তর্হিত হল এই এলাকা থেকে।" কানেকানে মাইক সরিয়ে ফুচকাওলাকেও বলে দেওয়া হল, যেমন চলছে চলুক। "তোমরা আমাকে তোলা দাও, আমি তোমাদের ফুচকা বেচতে দেব"। ডাক্তারবাবু মহাখুশিতে তাঁর ছাদের ওপর গভীররাতের নৈশভোজ ডাকলেন। সে যাত্রায় ফুটপাথী ফুচকা আর আইসক্রিম রক্ষে পেল। হোয়াটসএপ থেকে ফেসবুক সর্বত্র ম্যাগি নিয়ে জোকের ছড়াছড়ি। আরে মশাই ম্যাগি তো সলমন খানের চেয়েও বড় সেলেব। ঐটুকুনি হলদে প্যাকেট আর অত্তখানি স্বাদে ভরা, সুবিধেয় ঠাসা একটা মাল! ছোট্ট ছেলেটা স্কুল থেকে এসে বলল, মা! ম্যাগি ছেলে না মেয়ে বলতো? মা আবার "মাগী"র সাথে ম্যাগির নৈকট্য বুঝে উত্তর দিলেন "মেয়ে" ছেলে বলল, "হলনা, ওতো দু'মিনিটে তৈরী হতে পারে, তাই ম্যাগি হল ছেলে, ইয়ে! মাই ফেভারিট ম্যাগি! আমার ম্যাগি চাই-ই, ব্যস! আমিও ছেলে, ম্যাগিও ছেলে" ছেলের বাবা বলল, "আর সত্যি যদি লেড থাকবে তাহলে সারাদেশের ছেলেরা আজকে সলমনের মত মাসল ফুলিয়ে নটরাজ-বন্ডেড লেড, এইচবি" আর মা সেই শুনে বলল, "তাহলে মেয়েরা অত সীসা হজম করে নিশ্চয়‌ই অপ্সরা, এক্সট্রা ডার্ক, ঠিক যেন ব্ল্যাক বিউটি কৃষ্ণকলি!” মোড়ের মাথার চায়ের দোকানে ম্যাগি বিতর্কে সামিল হলেন ভোলাদা আর শিবুদা। ভোলাদা বললেন, "যাই বল আর তাই বলো ম্যাগি একদম বন থেকে বেরোল টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে। ভিনিভিডিভিসি করে আজ নুডলস দুনিয়ায় তার মত পপুলার কেউ নেই। আমার মনে হচ্ছে ঐ এম-এন-সি মানে, যারা ম্যাগি তৈরী করে তাদের সাথে ডাক্তারবাবুদের ষড় আছে। নতুন নতুন রোগের সন্ধানে ব্যস্ত থাকেন তারা। হাঁচি-কাশির যুগ শেষ হয়ে ডিপথিরিয়া-টিবির যুগ ফুরোল। এডস-হেপাটাইটিস নিয়েও মানুষ যথেষ্ট সচেতন এখন। তাই নতুন কিছু ভাবনা নিয়ে হাজির হতে হবে । মিলেনিয়ামের পনেরো বছর নতুন কিছুই এগোয়নি আর। কেবল "তারে জমিন পর", "পা", "মাই নেম ইজ খান" অথবা "ফিফটিন পার্ক এভিনিউ" ছাড়া ! অতএব চলো, কুছ করকে দেখানা হ্যায়। জাপানের মিনামাতা উপসাগরে বিষ পড়ায় মাছেদের মৃত্যু ও তা থেকে মানুষের মৃত্যু হয়ে গেল গেল রব উঠেছিল। সেখানেও সীসা ছিল মধ্যমণি অতএব চলো লেড পয়জনিং নিয়ে মাতামাতি কাম আন্দোলন করি আমরা। প্রথমে আমরা ক্ষেপিয়ে বেড়াই ম্যাগি নিয়ে । তারপর ঝড় থেমে গেলে আবালবৃদ্ধবনিতাকে পুছতাছ করে তার লেড পয়জনিং আদৌ হল কিনা দেখি কিছু টেষ্ট করে। তারপর বাজারে এই রোগ নিয়ে কিছুদিন উত্তেজনা চলবে। মিডিয়া বলবে। মানুষ ভয় পাবে। তারপর চারদিকে পাড়ায় পাড়ায় লেড পয়জনিং এক্সপার্ট ডাক্তারবাবুর ক্লিনিক চালু হবে। যেমন হযেচে "ইনফার্টিলিটি এক্সপার্ট', "ওবেসিটি এক্সপার্ট", "এনোরেক্সিয়া এক্সপার্ট" ..তেমনি আরকি!লেড পয়জনিং বা যার গালভরা নাম "প্লাম্বিজম" অথবা আরো বড়সড় নাম "কলিকা পিক্টোরিয়াম" বাবুদের চেম্বারে দেখলে রোগীরাও সচেতন হবে। হাজারো গন্ডা টেষ্টক্লিনিকে নতুন টেষ্ট হবে। নতুন রোগ মানেই নতুন জনকারী। নতুন জনকারী মানেই শোরগোল। অতএব সে যাত্রায় মনে হচ্ছে ম্যাগি পার পেয়ে যাবে। তাই ম্যাগির ভাগ্য নির্ধারণ করবেন মাননীয় ডাক্তারবাবুরা। একটু আধটু লেডও থাকুক। আজিনামোটোর ছোঁয়াও থাকুক। বেঁচে যাক এমএনসি। বেঁচে থাক ম্যাগি। বেঁচে যাক ছেলেবুড়ো ! সার্জেনরা কিন্তু মুষড়ে পড়েছে বড়। ম্যাগি না খেলে বেরিয়াট্রিক সার্জারী বন্ধ হয়ে যাবে। দিব্যি ম্যাগির ফ্যাট হজম করে বাচ্চাগুলোর ওবেসিটি হচ্ছিল, সার্জেনরা বছরে অন্ততঃ দুটো হলেও কেস পাচ্ছিল।" শিবুদা বললেন, "এবার থামবেন ভোলাদা? আমাকে কিছু বলতে দেবেন্?” "দুটো ব্যাপার আছে আমার মনে হয়। সরকার বলচেন, দেশে যে হারে আলুচাষী, গমচাষীরা আত্মহত্যা করছে তার অন্যতম কারণ হল গম, আলু এসব বিক্রি পড়ে যাওয়া। মানুষ ডাল খায়না আর। ডালের দাম বেশি তাই। ভাত-রুটি-ডাল খাওয়া কমে যাচ্ছে তাই সরকারের হঠাত মনে হয়েচে ম্যাগি হল যত নষ্টের গোড়া। মানুষ ম্যাগি বেশি খাচ্ছে তাই ম্যাগির ব্যবসা লাটে ওঠাও। আর সরকারী কোঁদল চাপা দিতে কি ওষুধ লাগে জানেন তো ভোলাদা? শুধু ঠিক জায়গাটায় ঐ কোম্পানী তার দেয় অঙ্কটা মিটিয়ে দিন, এই আমার ঐকান্তিক ইচ্ছা।" কলেজের এক প্রোফেসরের নামটাই দিয়ে দিলাম "ম্যাগি" কারণ ওনার মুদ্রা দোষ। ওনার বোরিং লেকচারে ব্যতিবস্ত হয়ে আমরা "আর কতক্ষণ" ম্যাম জিগেস করলেই উনি শুধাতেন "টু মিনিটস" ! আমরা ওনার নাম বদলে দিয়ে রাখলাম "ম্যাগি" সেই ব্র্যান্ড আজ বিপর্যস্ত। সেই সুখ আজ অসুখে পরিণত। সেই হলুদ প্যাকেট আজ বিতাড়িত। সলমন খান অত বড় দোষ করে পার পেয়ে গেল আর ম্যাগির নামে যত্ত দোষ! আরে মশাই জ্বরে গা পুড়ে যাওয়া বাচ্চার ম্যাগি খেয়ে অসুখ বেড়ে গেছে বলে তো শুনিনি কখনো। একশো গ্রাম ম্যাগি আধখানা পেঁযাজ আর একটা ডিম দিয়ে দিব্যি কমপ্লিট মিল! আর কুকিং টাইম দুমিনিট। নো হ্যাপা অফ গেটিং গ্যাস আর পেটও ভরবে জেনো, ব্যাস! অতএব বস্তিতেও স্বস্তি। হাইরাইজেও মস্তি। ম্যাগি হল ফুড দুনিয়ায় সেলিব্রিটি। আজ ম্যাগির মধ্যে এমএসজি তাই এত হুজ্জুতি তোমরা করো! তোমরা যে সব বুড়ো খোকা আর কারো দোষ দেখতে নারো! কত লোক কথা দিয়ে কথা রাখেনি তার বেলা? কত ব্ল্যাক মানির হদিশ পাওনা তার বেলা? কত করাপশান "দেবা: ন জানন্তি কুতো মনুষ্যা:”, তার বেলা? কত মামলা সুবিচার পায়না তার বেলা? কত টুপি প্রতিনিয়তঃ আমাদের পরতে হয়, অন্যতম সমাজবন্ধু ডাক্তারবাবুর দ্বারা। তার বেলা? অতএব বন্ধু গুজবে কান দিবেননা। দিন আগত ঐ ! ম্যাগি বেঁচে থাকিবে। তার জনক মিষ্টার নেসলে অত বোকা নন। তিনি জানেন এ দেশে কিভাবে ব্যাওসা পাতি করতে হয়। টু আর ইজ হিউম্যান। একটু সময় দিন কেবল। তাঁর অপত্যকে রক্ষা তিনি‌ই করিবেন, বলাই বাহুল্য।

উত্তরবঙ্গ সংবাদ ১৪ই আগস্ট ২০১৬ 

Monday, August 8, 2016

একুশে যোগ

"বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো" ... রবিঠাকুরের কথা। আর সেইস্থানেই তিনি খুঁজিয়া পাইলেন স্বামীজিকেও। স্বামীজি বলিয়াছিলেন জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং রাজযোগের কথা। এবার উত্তিষ্ঠিত, জাগ্রত ভারতবাসী তথা সারা বিশ্বের মানুষ দেখিল চিরন্তন, শাশ্বত ভারতের ব্যায়াম যোগ। শেষমেশ রবিঠাকুর,বিবেকানন্দের আদর্শ মাথায় ল‌ইয়া স্বাস্থ্য‌ই জীবনের মূলমন্ত্র হইল। প্রথমে শৌচাগার তাহারপর ব্যায়ামাগার। অতএব প্রথমে বিয়োগচিন্তা তারপর যোগচিন্তা। না, না যোগের অর্থ জলযোগ নয় কোনোমতেই। প্রথমে স্বাস্থ্য তৈরী করা, তাহার পর "স্বাস্থ‌ই সম্পদ" এই আপ্তবাক্য মাথায় রাখিয়া "লাগো কাজে, কোমর বেঁধে, খুলে দ্যাখো জ্ঞানের চোখ, কোদাল হাতে খাটে যারা, তারাই আসল, ভদ্রলোক" । "ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে" কি না তাহা হইল মিলিয়ন ডলার কোশ্চেন তবে যোগাভ্যাসের এক্সোথার্মিক বা তাপনিঃসারক বিক্রিয়ার ফলে প্রচুর তাপশক্তি নির্গত হ‌ইবে । যোগাভ্যাসকে একটি তাপনিঃসারক বা এক্সোথার্মিক প্রসেস বলা যাইতেই পারে। ফলস্বরূপ প্রচুর স্নেহ ঝরিবে আকাশে, বাতাসে। চর্বি গলিবে, ঘামের দুর্গন্ধে টেঁকা দায় হইবে। সকল স্নেহ, শ্বেতসার যাইবে ব্যায়ামাগারের নয়ানজুলিতে। উহাকে সাফ করিতে রাজ্যে রাজ্যে কর্মসংস্থান হইবে । নয়ত অচিরেই দেশ আরো গরম হইয়া উঠিবে। কারণ স্নেহ অতি বিষম বস্তু। তাপ নিঃসারক। একেই বিশ্ব উষ্ণায়ণ তায় আবার মানুষের অঙ্গপ্রত্যঙ্গ হ‌ইতে ব্যায়ামের দরুণ যে ক্যালরি দহন হইবে তাহা কোথায় যাইবে? দেশের অভ্যন্তরেই ঘুরপাক খাইবে। শুধু দেশ নয় রাষ্ট্রপুঞ্জের অন্তর্গত দেশগুলিতেও তাপ উদ্বৃত্ত হ‌ইবে। সবকিছু চিন্তা করিয়া রাষ্ট্রপুঞ্জ বিবেচনা করিয়াছেন, পৃথিবী নামক গ্রহটির অভ্যন্তরে একটি সেন্ট্রালি কনট্রোলড এয়ার কন্ডিশানার বসাইবেন। পৃথিবীর মনুষ্যকুল যোগের সাথে ভোগ করিয়াও বাঁচিবে আর যোগাভ্যাস করিয়া বেঁচেবর্তে দিব্যদৃষ্টি লাভ করিয়া পৃথিবীকে সমৃদ্ধ করিবে। রাজনৈতিক দূরদৃষ্টি বৃদ্ধি পাইবে। আমরা আরো "ভালো" করিয়া জীবনযাপন করিব। কলিযুগে মানুষ অভ্যাস করিবে কলিযোগ। সমাজের সর্বস্তরে মানুষ অনুভব করিবে নতুন যোগ। কি জানি কাহার যোগসাজসে যোগাচার্যের এরূপ যোগপ্রীতির বাণী মনুষ্যকুলে সঞ্চারিত হ‌ইল! তবে যোগাচার্যের ব্যায়ামাগারের যোগ-ঊর্মি আমাদের উভয়বঙ্গকেও ভাসাইয়া দিল সে বিষয়ে সন্দেহ নাই। আমি বাপু আদার ব্যাপারী। যোগ-বিয়োগের সাথে আমার পরিচয় হ‌ইয়াছিল পাটিগণিতে। ইহা ব্যাতীত এযাবতকাল বহু যোগের সাথে যোগাযোগ হ‌ইয়াছে আমার। যোগদিবস উদ্‌যাপনে আমার ইহার পূর্বে কোনো মাথাব্যথা ছিলনা। কিন্তু যত‌ই বয়স বাড়িতে লাগিল তত‌ই বুঝিলাম যোগ না করিলে জীবনের সবটুকু‌ই বিয়োগফল। অতএব এ ব্যাপারে কারোর বিরুদ্ধে কোনো অনুযোগ বা অভিযোগও না করিয়াই সামিল হ‌ইলাম সমগ্র বিশ্ব সহ আমার দেশ, তোমার দেশের আবাল-বৃদ্ধ-বণিতার সহিত । যোগ না করিলে জীবন হ‌ইতে পিত্জা-বার্গার-মকটেলাদি, রোল-চাউমিন-ফুচকা-মিষ্টান্নাদি জীবন হ‌ইতে বিয়োগ দিতে হ‌ইবে। অতএব "এখন আর দেরী নয়, ধরগো তোরা, হাতে হাতে ধরগো, এবার যোগাসনে বসতে হবে, ন‌ইলে বিপদ হয়গো" যোগবলে তুমি যোগাচার্য আমি যোগমায়া। চলো, করেঙ্গে অ‌উর মরেঙ্গে। ডু অর ডাই। ভারতকে বিশ্বের দরবারে যোগ করিব আমরা। বিয়োগ করিব দ্বেষ, হিংসা। যোগবলে ছড়াইব শান্তির বাণী। অহিংসার বার্তা। হ্রাস পাইবে তোমার-আমার-সকলের মধ্যপ্রদেশ। বৃদ্ধি পাইবে হৃদয়ের উত্তরপ্রদেশ। আর যাহারা অংশ ল‌ইলনা তাহারা অচিরেই অধঃক্ষিপ্ত হ‌ইবে । "সবার পানে যথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারো ..." অতএব বাহু পসারিয়া, চক্ষু উন্মিলীত করিয়া বিশ্ববাসীর সহিত গত একুশে জুন আমরাও যুক্ত হ‌ইলাম। প্রেম বিলাইলাম। প্রেম জাগাইলাম। এক্ষণে বিশ্ব যোগদিবসের এই যোগকে আমরা কি যোগ বলিয়া আখ্যা দিব? আমার মতে ইহা স্বামীজির আরেক প্রকার কর্মযোগেরই অন্তর্ভুক্ত যাহাকে "প্রেম যোগ" বলিয়া অভিহিত করা যাইতেই পারে। কিন্তু উহাতে যুবসমাজ চিত্তবৈকল্যের হেতু ক্ষতিগ্রস্ত হ‌ইয়া পড়িতে পারে। যোগ হ‌ইল একপ্রকার সাধনা, আরাধনা, উপাসনা বা তপস্যার ন্যায় একাগ্রচিত্তের ফসল। সেখানে "প্রেম, ভালোবাসা" নৈব নৈব চ। অবশেষে রাজশেখর বসুর উদ্ভাবিত বিল্বকাষ্ঠের ল্যাঙট বৃত্তান্ত জানিতে পারিয়া বিশ্ব যোগ পরিষদ এবং জয় হনুমান একাডেমী সমগ্র বিশ্বের পুরুষগণের জন্য মাথাপিছু একটি করিয়া ঐ কৃচ্ছসাধনার ল্যাঙট অর্ডার দিয়াছেন। এবং অচিরেই কোনো এক পৃষ্ঠপোষক সেই টেন্ডারে সাড়া দিয়া ল্যাঙটের অর্ডার পাইয়াছেন বলিয়া জানিলাম । এবার প্রশ্ন হ‌ইল বিশ্বের যোগীরা ডাকযোগে সুদৃশ্য প্যাকেট সহযোগে ল্যাঙট পাইবে। ল্যাঙট পরিয়া যোগীর শরীরে ব্যথাবিষ বৃদ্ধি পাইবে। দেশবাসীর মনোযোগ সহকারে এহেন যোগাভ্যাসের দাপটে চিকিত্সকদের কিঞ্চিত ভয় হ‌ইতেছিল বটে। রোগীরা ঔষধ-যুক্ত না হ‌ইয়া মুষ্টি যোগ, হঠযোগ করিতেছিল। তাহাতে উহাদের ব্যাওসাপাতি লাটে উঠিতেছিল। বর্তমানে ল্যাঙটকান্ডে উহারা আবারো ফুলিয়া ফাঁপিয়া উঠিবেন, সেটুকু স্বস্তির নিঃশ্বাস। এবার যোগিনী বা যোগমায়ারা কি পরিবেন? বিশ্ব যোগ পরিষদ বলিল, "কেন? উহারা বল্কল পরিবে, কাঁচুলি পরিবে। মাথার কেশরাজিকে পরিপাটি করিয়া শিরের সু-উচ্চে কবরী বাঁধিবে। ঠিক যেমন আদি-অনাদি ভারতবর্ষের আশ্রমকন্যারা করিতেন" জয় হনুমান দল বলিল " উহাতে যোগভ্রষ্ট হ‌ইবে পুরুষগণ। মনোযোগের ব্যাঘাত ঘটিবে। যোগের বদলে বিয়োগ হ‌ইবে।" অগত্যা বিশ্ব যোগ পরিষদ ধার্য করিল নতুন উপায়। ঘোড়দৌড়ের মাঠে ঘোড়াদের চিত্তচাঞ্চল্য রুখিবার জন্য চোখের যেরূপ ঢাকনা ব্যবহৃত হয় তেমনটি ধারণ করিয়া পুরুষেরা যোগাভ্যাস করিবে। সেযাত্রায় যোগাভ্যাসে কোনো চিত্তচাঞ্চল্যের আভাসমাত্র পাওয়া যাইবেনা এই তাহাদের বিশ্বাস।

উত্তরবঙ্গ সংবাদ  ৩১শে জুলাই-২০১৬  

Monday, July 18, 2016

হেডাপিসের বড়বাবু

সোমবার এলেই মুখটা ব্যাজার হয়ে যায় বড়বাবুর । আবার আপিস শুরু । আপিস মানে রোজ সকলকে বেজার মুখে যেখানে যেতে হয় ! যদি সরকারী আপিস হয় আর যদি বাঙালী সেখানকার বড়বাবু হন তাহলে একটু আধটু দেরী করলে বড় একটা ক্ষতি নেই । তিনি বেলা দশটা পার করে এলেই হবে । তাঁর ক্ষেত্রে সময়ের বিশেষ ছাড় । তিনি আপিসের পাপসে দশটা বেজে দশ মিনিটে পা দেবেন তো দশটা বাজতে দশে নয়। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে মাথা পুঁছবেন । পকেট থেকে রুমাল বের করে চশমার কাঁচ পুঁছে চিরুনিমাসীকে হাতে ধরে আয়নার সামনে যাবেন । আম-বাঙালীর মত বড়বাবুরও ভিশন খুব একটা প্রবল নয় তাই সকলের মত বড়বাবুর চশমা চোখে । এপাশের চুল ওপাশে রাখবেন খুব ধীরে সুস্থে । তারপর আফ্রিকার মানচিত্রের মত চকচকে টাকটিকে দেখে নেবেন চট করে । এবার মুখটা কুলকুচি বেসিনে । গিন্নীর দেওয়া আদরের পানের কুচোটুচো গুছিয়ে ফেলে দিয়ে টেবিলের দিকে । তখন ঘড়ির কাঁটা পৌনে এগারোটা ছুঁই ছুঁই । টেবিলে বসেই মাথা গরম । বিস্তর ফাইলের স্তূপ । ধূলোটাও ব্যাটারা ঝেড়ে দেয়না আজকাল । এবার মুঠোফোনের টুংটাং । শালী, আধা ঘরওয়ালির দুষ্টুমিষ্টি ফচকেমি.. দু-চার মিনিট । ততক্ষণে আপিসের বাইরে মামণি টি-ষ্টলের মামণি এসে চায়ের গেলাসে ঠকাস করে চা রেখে চলে গিয়েছে টেবিলে । কিছুটা চেঁচানো" বিস্কুট কৈ রে মামণি?" এই কত্তে কত্তে সাড়ে এগারোটা । এবার ফাইলের স্তূপ থেকে সীতা উদ্ধারের মত করে টেনে হিঁচড়ে একখান চোতা কাগজ বের করে তাতে নিজের নামটা স‌ই করা হল । সেই মহাযজ্ঞে আরো একটি ঘন্টা কাবার । এবার মামণির মা এসে বলে " স্যার, আজ কি খাবেন?রুটি-ডিমের কারি, পরোটা-আলুর দম না এগ-চাউচাউ?" মামণির মায়ের ঝটিতি আগমন ও প্রস্থানে কিছুটা শান্তি ও আপিসে আসার তৃপ্তি । বেঁড়ে খাবার বানায় বৌটা । বাড়িতে তো "এটা খেওনা, ওটা খেওনা".. কত্ত শুল্ক চাপানো! আর আপিসে নো কোলেস্টেরলের কচকচানি ! মামণির মায়ের হাতের গুণে সব অসুখ উধাও । শুধু সুখ আর সুখ ! ঠিক একটা বাজতে না বাজতেই মামণির মায়ের হাতে ধোঁয়া ওঠা নিত্য নতুন ডিশ! বাড়িতে তো গিন্নীর সিরিয়ালের দাপটে রান্নার মেয়েছেলেটা সাত সকালে হুড়মুড় করে রুটিটাও ক্যাসারোলে ভরে রেখে চলে যায় । আহা! মামণির মায়ের হাতের ফুলকো ফুলকো রুটিটাও কি দারুণ লাগে তখন খিদের মুখে । এবার মুখটুক পুঁচে টুচে মগজের গোড়ায় আনফিল্টার্ড ধোঁয়া দিতে একটু পাপসের বাইরে পা । একটু আড্ডা, আধটু ধোঁয়া ছাড়া । রাজনীতির কূটকচালি থেকে শেয়ারমার্কেট । চেয়ারের গদিতে ফিরে আসতে আসতে তিনটে । আবার চায়ে চুমুক, সাথে মামণির হাসিমুখ । বুদ্ধি খুলে গেলে একটু কারোর পেছনে কাঠি করা নয়ত টেবিলে মাথা রেখে ছোট্ট ন্যাপ । হার্ট ভালো থাকে এতে । বয়স তো আর কম হলনা বড়বাবুর ! চারটে বাজলেই ব্যাস্! এবারে আর কে পায়! পাপসের বাইরে পা । পাঁচটায় মেট্রোতে পা দিতে পারলে শান্তি । আর ছটায় বাড়ি ফিরেই আবার চা । এবার কালো-চা। এক টুসকি বীটনুন আর দু ফোঁটা লেবুর রস দেওয়া কেফিন। এন্টি অক্সিডেন্ট, ফ্ল্যাবোনয়েড সব আছে এই চায়ের মধ্যে । গিন্নীর বচন, খনার চেয়েও দামী । সারাদিন ধরে কাগজ আর টিভি সার্ফ করে সঞ্চিত জ্ঞানকণা ! হার্ড লাইফ বলে একে! এই কত্তে কত্তে আরো চারটে বছর পার করে দিতে পারলে ব্যাস! রিটায়ারমেন্টের পর বাড়ি বসে বসে পা নাচানো আর মাস গেলে পেনশন । সমস্যা একটাই, কারণে অকারণে গৃহযুদ্ধ । মঙ্গলবারে বড়বাবুর ফাইলের জঙ্গল সাফ করার কথা। কিন্তু সাফ করব বললেই কি আর করা যায়? সেদিন আবার মামণির চায়ের দোকানে আলু পরোটা মেলে। অফিসে গিয়েই মন উশখুশ করে কখন আলুপরোটা নিয়ে হাজির হবে মামণিসোনা। বাড়িতে সুগারের প্রকোপে আলু নৈব নৈব চ! বুধবারে বাবু কোনো ভালো কাজে হাত দেননা। কেউ কিছু স‌ইসাবুদ করাতে এলে বলেন "রেখে যাও ভাই, আজ হবেনা!" আমার জন্মলগ্নেই নবমপতি বুধ অষ্টমে বিরাজ করছে। তাই জ্যোতিষি বলেই দিয়েছিলেন বুধবারে কোনো কাজে হাত না দিতে! বিষ্যুদবার গুরুবার। বাড়ি ফেরার পথে উপোসী গিন্নীর জন্যে দৈ-মিষ্টি নিয়ে ফিরতে হয়। সকালে আপিসে এসেই সেই কথাটা বারেবারে মনের কোণে উঁকি দেয়। গিন্নী একা একা সাবাড় করে সেনমশায়ের লাল দৈ আর দেলখুশ! আর বাবু সুগারের করাল চাউনিতে চেয়ে চেয়ে তা দেখেই যান। সেই মন খারাপের জেরে সকাল থেকে কোনো কাজেই মন লাগেনা যেন। শুক্কুরবার মানেই উইকএন্ডের শুরু। আমেরিকার লোকজন কোথায় তখন ফ্রাইডে পার্টির আলোচনা করে! বাবুর আপিসে সেসবের বালাই নেই! পার্টি হলে একটু জমিয়ে নিষিদ্ধ পানীয়, মুরগী মটন পেটে পড়ার স্কোপ থাকে। সেই নিয়ে ভাবতে ভাবতে টেবিলে বসে বসে লম্বা হাই তোলেন তিনি! কে যে বলে! এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি! কক্ষণো নয়! মরিব মরিব সখী নিশ্চয় মরিব । কিন্তু এদেশে আর জন্মাব না। আর শনিবারের হাফবেলাটা কোনো রকমে পার করেই বাড়ি গিয়ে মটন স্টু দিয়ে ভাত খেয়েই দিবানিদ্রা যান বাবু। অতএব আপিসে গিয়ে নতুন কোনো কাজে হাত লাগানোর কোনো কোশ্চেন নেই। কেউ কোনো মিটিং ডাকলে বাবু বলেন, বারবেলায় মিটিং নাস্তি। এভাবেই কাটে হেড আপিসের বড় বাবুর সাপ্তাহিক আপিস ভ্রমণ । তিস্তার জল বয়েই চলে আপন খেয়ালে। নেপালের মাটি চিড় খায়। সলমনের মামলায় রায় হয়। হৃত্বিকের ডিভোর্স হয়। সানিয়াকে টপকে যায় সাইনা। আইপিএলে কেকেআর ইডেন কাঁপায়। বাবুর পত্নী মদনগোপালের পুজো করে চলেন মমতাভরে। বাবুর টেবিলের ফাইল লালকুঠি থেকে নবান্নের নীলকুঠিতে যায় কয়েক ক্রোশ পথ ঠেলে। বাবুর বদল হয়না। সোম থেকে শনি এক‌ইরকম কাটে। কখনো মেঘ, কখনো বৃষ্টি। কখনো রিসেশন, কখনো ইনফ্লেশন। কখনো পরিবর্তন কখনো প্রত্যাবর্তন । কখনো লাল কখনোবা নীল ফিতের ফাইলে বিশেষ চিঠি আসে বাবুর টেবিলে। বাবু প্রমোশন পান এভাবেই ।
উত্তরবঙ্গ সংবাদ ৭ ই আগষ্ট ২০১৬

Thursday, July 14, 2016

স্বর্গীয় রমণীয় (১২) --- উল্টোরথে সোজাকথা


"মার আবার উল্টো আর সোজা, রথ এলেই আমার কাজ বাড়ে"   ঐ আবার বিমলি পিসির বিলাপ শুরু হল।
মন্দিরের ভেতর লক্ষ্মীমাসীর এই কটাদিন বেশ ঢিলেঢালা ছিল কাজেকম্মে। দেখতে দেখতে এগিয়ে এল সেই দিন! মন্দিরের বাইরে এসে চেঁচিয়ে বলল লক্ষ্মীমাসী,
"দিদি গো, হয়ে গেল আমাদের গল্প করা। এবার কাজ করতে করতে পরাণ বেরিয়ে যাবে গো দিদি"  
বিমলিপিসি বলল, "কেন তোর তো খুব ভাল লাগে ওনার সেবাটেবা করতে। ঐ নিয়েই পড়ে থাক সারাটা জীবন" 
"দিদি অমন বোলোনা। উনি বহুরূপী। আজ পুণর্যাত্রা। মাসীর বাড়ি গেছেন সবেমাত্র আটদিন। যেতে না যেতেই মন উচাটন দিদি। তোমার হয়না এমন?"   
"হলেই বা কি ! উনি কি আর আমার জন্যে ভাবেন? ওনার তুমি হলে কিনা খাস সুয়োরাণী। তারপর আছেন সেই মাসী আর বোন। তাদের জন্যে ভাবতে ভাবতে আমার কথা ভাববার আর সময় ক‌ই? তা বাপু, মাসীর বাড়ি গেছ ফূর্তি করতে, আরো কটাদিন থাকলেই তো পারতে! বুঝিনা কি আর? যদি পুরীর মন্দিরের সব ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। অত কাঠখড় পুড়িয়ে যাওয়া আর আসাই সার! কথায় বলে না?  আসতে পাগল, যেতে ছাগল" 
"দিদি অমন বোলোনা। উনি সবজান্তা"
"কেন বাপু? মাসীর জন্যে দরদ উথলে উঠছিল তা আবার সেই দরদ বাষ্প হয়ে উবে গেল" 

আজ সকাল থেকেই বিমলিপিসি শুনতে পাচ্ছেন  কানাঘুষো। 

খোলকত্তাল নিয়ে সব জগন্নাথ, জগন্নাথ করতে করতে ভাবে বিভোর হয়ে পুরবাসীরা পথে নেমেছেন । তিন মক্কেলে মাসীর বাড়ি থেকে এই রওনা দিল বলে।
"মাসীর বাড়িতে এই কটাদিন খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে...কাজের মেয়েটা উঠোন ধুতে ধুতে বলছিল। কে জানে, বদহজম, গ্যাস, অম্বল হল কিনা! কত করে বল্লুম, ডাইজিনের পাতাটা, জেলুসিলের বোতলটা সঙ্গে রাখ। তা ওনার দাদা বল্লেন, তুমি অত চিন্তা কোরোনা বৌদি। আমাদের কিছু হবেনা। জামার পকেট নেই। কোথায় নেব ওষুধপালা। আমি বল্লুম, এই মহাস্নানের পর জ্বরজারি থেকে উঠলে সকলে। তা আমার কথা শুনবে কেন?"
"যার বিয়ে তার হুঁশ নেই, পাড়ার লোকের ঘুম নেই ! কাজের মেয়ে অষ্টমীটা বলছিল,
"সকাল থেকে গুন্ডিচায় সাজো সাজো রব। তা বলি মাসীর বুঝি বোনপো, বোনঝিদের বিদেয় দিতে কষ্ট হবেনি?' 
" এত রমরম করে তাদের পাঠিয়ে দিচ্ছে ক্যান রে অষ্টমী?"   তা অষ্টমী বলল,
" মা, রথের ঝাড়াপোঁছা, সাজসজ্জা নিয়ে মত্ত লোকজন। হরিনামে মাতোয়ারা তারা। চন্দনবাটা, অগরুর সুরভিতে ম ম করছে পথঘাট"  
বিমলিপিসি বলল,
"তুই থামবি অষ্টমী? কাজগুলো শেষ কর আগে।ওরা এসে পড়ল বলে!  বলি এত‌ই যদি মাসীর আহ্লাদেপনা তা আর কটাদিন থাকতে পারলনা তারা? শরীরটা বিগড়ে গেলে তখন আর মাসী কোথায় ? তখন এই বিমলির কথা মনে পড়ে। আবার যত্ন-আত্যি করব, পথ্যি করে সারিয়ে তুলব তারপরে আর চিনতে  পারবেনা আমাকে।"   

অষ্টমী বললে,
"জানো মা? সেখানে পুজোর সব বাসনকোসন ঝকঝক করছে। তেনাদের রাজবেশ বিরাট ট্রাঙ্কে করে বয়ে নিয়ে যাচ্ছে লোকজন। কেউ নারকোল কুরছে, কেউ ম্যাওয়া কুচোচ্ছে। দুধ ফুটে ঘন হয়ে ক্ষীর হচ্ছে। বড় বড় মাটির মালসায়  কলাপাতায় ভোগরাগ প্রস্তুত হচ্ছে গো । রথের মধ্যে ঘড়া ঘড়া জল ঢেলে সাফ করছে"  
বিমলা কি যেন বলতে যাচ্ছিলেন, আচমকা লক্ষ্মীমাসী এসে বল্লেন,
"দিদি, শূন্য এ মন্দির বেদীটা আর দেখতে ভাল লাগেনা গো। অপেক্ষায় আছি আমি। শুতে বসতে পারছিনা একমূহুর্ত। কেবল মনে হচ্ছে ঐ বুঝি রথ এল! কেন এমন হয় গো দিদি? এর নামই বুঝি বিরহ?'     
"আদিখ্যেতা করিসনি ছোটো। পাড়ার লোকেদের আদেখলাপনা আর ভাল্লগেনা আমার। পুষ্পবৃষ্টি করবে, কেওড়া, আতর, অগরু,কর্পূরের জল ফোয়ারার মত ছেটাবে তাঁর সব্বো অঙ্গে। নাচ-গান-ওডিশী নৃত্যের মধ্যে দিয়ে তাঁকে বিদায় দেবে, সারাক্ষণ  হাতপাখা দিয়ে বাতাস করবে, দোলায় করে দোলা দেবে, চামর দোলাবে, মাথার ওপর ছাতা ধরবে আর আমি বাপু জীবনে একটু যত্ন পেলুমনি! বেশ আছ বাপু তোমরা তিনটিতে মিলে। খাচ্চদাচ্ছ, লাইভ নাচাগানার প্রোগ্রাম দেখছ, এই বেশ হাওয়া বদল হল তোমাদের। আমার কথাটা ভেবেছ একবার? নিজেদের বেলায় আঁটিশুটি, আমার বেলায় দাঁতকপাটি। কেন একবার আমাকে নিয়ে যেতে নেই বুঝি মাসীর বাড়ি? সারাবছর মাসীটা খবর নেয়না, ঝিঙের বাড়িও মারেনা আর এঁরা ঐ মাসীর বাড়ি যায় ফূর্তি মারতে।'

লক্ষ্মীমাসী বলে উঠল, "এবার এলেই লিপিড প্রোফাইলটা চেক করাতে হবে দিদি। যে হারে মাখন, ননী খাচ্ছে এঁরা।" 
 বিমলিপিসি বলল, "যাবার আগে বলেছিলুম প‌ইপ‌ই করে। শুনলনা। এবার আসছে দুলকিচালে নাচতে নাচতে, আর আমার মাথাটা খেতে' 

- ঐ বুঝি রথ এসে গেল, দ্যাখ তো অষ্টমী।
বিমলিপিসির এই বয়েসেও মিনসেটার জন্য বুকের ভেতরটা কেমন জানি করে উঠছে। 
- কেন এমন হচ্ছে রে লক্ষ্মী? তোরও হচ্ছে নাকি? তারা গ্যাছে মাত্র আটদিন হল, আর মনে হচ্ছে আট বছর।
- দেখেছ তো দিদি, কেন ওরা মাসীর বাড়িতে অতদিন থাকেনা? এই তোমার জন্য, বুঝেছ? তোমাকে ছেড়ে উনি এক মূহুর্ত থাকতে পারেন না।
বিমলিপিসি মুচকি হেসে, ব্লাশ করতে করতে বলল,
- তাই?  তুই যেন সবজান্তা। 

Tuesday, May 3, 2016

স্বর্গীয় রমণীয় (১১)


কলের মধ্যে মোহর ভাগ বাঁটোয়ারার পর দেবর্ষি নারদ প্রস্থান করলেন । তারপর বহুদিন কেটে গেল। কেউ নারদের কুশল কামনা করেনা, খোঁজখবর নেয়না, ইমেইলে বার্তা বিনিময় করেনা দেখে তিনি হুল ফোটাতে উদ্যত হলেন। আকাশতলে, অনিলে, জলে ডিজিটালি কপি-পেষ্ট হল সেই বার্তা....হুলায়ন, হুলায়ন! সংসারে সকলে একযোগে বলে উঠল, নারদ, নারদ! ঐ বুঝি এল ঝড়। উল্টানো জুতোর পাটি সোজা করে মর্ত্যবাসী বলে উঠল, নারায়ণ, নারায়ণ! প্রত্যাদেশ হলে দেবর্ষি যেন এ পথ দিয়ে না যান।

গৃহবধূরা হেসে খলখল করে গড়িয়ে পড়ল... অত মোহর দিয়ে যদি শহরটা লন্ডন হত! আহা! ভোল পাল্টে যেত! কেউ বলল, না বাপু, লন্ডন হলে দেখো খুব পবলেম হবে! তাই তো আমি কলকাতাকে লন্ডন হতে দেবনা, কক্ষণো না! গঙ্গা আমার মা থাক্! তার আর টেমস হয়ে কাজ নেই।

কেউ বলল, আমাদের স্কুলজীবনে গরমকালের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল লোডশেডিং। তখন ইনভার্টার ছিলনা রোজ নির্দ্দিষ্ট সময়েই পাওয়ার কাটের পূর্বাভাস পেয়ে যেতাম আমরা। তখন আমাদের দখিণের খোলা বারান্দাই ভরসা। সেখানেই জ্যামিতি, পরিমিতি আর উপপাদ্যে নিয়ে জোর কসরত চলত আমাদের। সকাল থেকেই হ্যারিকেনে কেরোসিন ভরে, ঝেড়ে পুঁছে রেখে, তার সলতে ঠিকমত কেটে সমান করে দেওয়া হত ।তখনো গঙ্গার পাড় জুড়ে ছোটবড় মাঝারি কারখানায় বড় বড় তালা ঝোলেনি। এখন কলকাতা শিল্পহীন, বিদ্যুতের চাহিদাও নেই। কলকারখানাও নেই বড় একটা তাই লোডশেডিং মুক্ত দিন। ভাগ্যি শিল্প নেই নয়ত এইগরমে লোডশেডিং! ভাবতো বন্ধুরা! চুলোয় যাক্‌ শিল্প।

রাস্তার ধারে সারেসারে, থোকাথোকা আলো জ্বলে।
আলোর ঝলকে ঘুম আসেনা, তাই তো জেগে র‌ই !

এই দ্যাখো না রাত জেগে জেগে কেমন কবি হয়ে গেনু!

তাই দেখে আরেকজন সহচরী বলে উঠল, এই দ্যাখ, দ্যাখ, ফেসবুকে কেমন কবিতা লিখেছি!

এই আমরা বেশ আছি, খাচ্চিদাচ্চি, কলকলাচ্ছি।
ফ্যানের তলায়, এসির ঘরে, ফ্রিজের জলে, শরবত গিলে,
ঘন্টাখানেক সঙ্গে খবর , যুক্তিতক্কে কাটছে বছর ।
রেখেছো বাঙালী করে উন্নয়ন তো দেখোনি।
মাছেভাতে দুপুরঘুমে মানুষ তো আর হওনি।
শিল্পীপুজোয় বেজায় দড়ো, শিল্প কি তা বুঝবে বড়ো?
কেব্‌ল চ্যানেল হাজার হাজার, সোশ্যালনেটের গরম বাজার।
তার ওপরে পাওয়ারকাটম্‌? কক্ষণো নয় দারুণ গরম।

আরেকজন বলে উঠল, যাই আবার দেখি গিয়ে আমার পরিচিত কেউ নারদের হুলবিদ্ধ হলেন কিনা! মলম দিতে হবে। বড় জ্বালা হুলের বিষে। ছোটবেলার বিজ্ঞানে পড়েছিলাম ফার্ষ্ট এইডের কথা। ঠান্ডাজল, ক্যালামিনল, খাবার সোডা, এন্টিএলার্জিক। তাতেও না কমলে চালাও পানসি মোক্ষম দাওয়াই কর্টিকোষ্টেরয়েড লাগিয়ে দাও ভাই!

Friday, April 29, 2016

স্বর্গীয় রমণীয় (১০)

ই ডিজিটাল নারদ কিছুদিন আগেই এসেছিলেন আমাদের রাজসভায়। নির্বাচনী  প্রচার নিয়ে রাজমহলের অধিবাসীদের ব্যস্ততা তখন তুঙ্গে।  মহাভারতের ইন্দ্রপ্রস্থ না হোক বিধানসভার সভাপর্বে নারদকে সেভাবে কেউ স্বাগত জানালনা।  বিলাসব্যসনে তৃপ্ত আলোময় এইরাজ্যের মানুষেরা তাঁকে এতটুকুনি সমাদর করলনা?  নারদ গেলেন ক্ষেপে। তিনি শুরু করলেন হুল ফোটাতে। ঠিক যেমন মহাভারতের যুগে যুধিষ্ঠিরের উদ্দেশ্যে তিনি ছুঁড়ে দিয়েছিলেন প্রশ্নবাণ তেমনি দিলেন । কেন জানি এইরাজ্যে পা দিয়েই তাঁর মনে হয়েছে এখানে এই এত আলো, এত আকাশ, নাজানি মানুষের সুখ এখানে উপছে পড়ছে। সারেসারে ত্রিফলা আলো ও মধ্যে মধ্যে নীল-সাদা জুঁইফুল আলোর   আলোর রোশনাই দেখেই নারদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথকে। তিনি বলে ওঠেন 
"হঠাত আলোর ঝলকানি দেখে ঝলমল করে চিত্ত্" 

 ট্যুইট এল "নারায়ণ, নারায়ণ"

নারদ বললেন, এখন আর বলিনা ঐ মন্ত্র। এখন শুধু নৈরাজ্য দেখলেই বলে উঠি, হুলায়ন, হুলায়ন।  নিজের হাতের বীণার তারে বহুদিন বাদে টঙ্কার তুলে গাইতে শুরু করলেন


"এনেছি মোরা, এনেছি মোরা রাশিরাশি লুটের ভার " 

রাজ্যের লোকেরা বলল, কি লুট, কেন লুট? কবে হল লুট?
কেউ বলল, আহা! লুট হতে যাবে কেন? বোঝোনা?
নারদ বলছেন যখন নিশ্চয়‌ই হরির লুঠ।  

হরির লুঠ‌ই বটে।

হুলায়ন, হুলায়ন !

নারদ বললেন,  তোমাদের রাজ্যে সকলে কুশল তো? সকলে খেয়েপরে বাঁচো তো? সকলের ঘরে শিশুরা শিক্ষা পাচ্ছে তো? স্বাস্থ্য পরিষেবা কেমন এখানে? 
ডাইনে বাঁয়ে এত উড়ালপুল নির্মীয়মান এ রাজ্যে। অথচ দিনেদুপুরে সেই উড়ালপুল ভেঙেও পড়ে যায়। ভদ্রমহোদয়গণ, আমার প্রশ্ন পূর্ণিমার চাঁদ যে শহরের আলোর রোশনাই দেখে মুখ লুকায় তেমন আলোকনগরীতে কি এটা কাম্য? 
কন্যাসন্তানদের শিক্ষার প্রসারে প্রত্যেক ছাত্রীর উচ্চশিক্ষায় এককালীন পঁচিশহাজার টাকা বরাদ্দ হয়েছে জেনে যারপরনেই প্রীত হয়েছি। কিন্তু অধিকাংশ কন্যাদের ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা এখনো পৌঁছায়নি জেনে আশ্চর্য হলাম। আর গাঁয়েগঞ্জে তো সেই টাকা দিয়ে কন্যার পিতা বিবাহের পণ দিচ্ছেন। এহেন পরিকল্পনার কি ভবিষ্যত? 
সারা রাজ্য জুড়ে  দেখি নতুন নতুন সাইকেলে ছাত্রছাত্রী মাঠঘাট চষে ফেলছে। অলিগলিতে সাইকেল চড়ে প্রেম করে বেড়াচ্ছে তারা। এতো দেখি শিক্ষার জন্য সাইকেল পেলাম টাকডুমাডুমডুম!
আর দুটাকা কিলো চালের কি হাল জানো তোমরা? চালের মধ্যে অর্ধেক কাঁকর, অর্ধেক চাল। সেই চাল ফোটাতে জ্বালানী ফুরায়। এতো দেখি ঢাকের দায়ে মনসা বিক্রির জোগাড়।  

এইসব দেখতে দেখতে কলিযুগ সত্যযুগ কিনা তা পরখ করবার উদ্দেশ্যে নারদ একবস্তা মোহর নিয়ে হাজির হলেন মর্ত্যে।এবার খবর  রটে গেল, তিনি নাকি মধ্যপ্রাচ্য থেকে আবির্ভূত হয়েচেন তাই সঙ্গে এত ধনসম্পত্তি তাঁর। কেউ ভাবল ধনপতি কুবেরের বাড়ি থেকে ফিরেছেন বলে এত ধনোপার্জন হয়েছে তাঁর।তাতে অবিশ্যি রাজমহলের কারোর হেলদোল হলনা। স্থান-কাল-পাত্র ভেদে অর্থের প্রতি মর্ত্যবাসীর লোভ সম্পর্কে দেবকুল অতীব সচেতন।  অর্থ হল অর্থ। তা আবার যদি স্বেচ্ছায় কেউ দান করতে সম্মত হন তাতে দোষের কি?  দেবর্ষি নারদ মোহরের থলি নিয়ে সাংবাদিক বৈঠক ডাকতে প্রস্তুত হতেই ঝাঁকেঝাঁকে মধুমক্ষীর মত রাজ-অমাত্যগণেরা হাজির হলেন সেখানে। নারদ ভাবলেন...অর্থ অতি বিষম বস্তু! এইবেলা দ্যাখো, রাজকার্য ফেলে সকলে ঐ থলির মোহরের মোহে ছুটে এসেছেন। এদ্দিন আমার কোনো খোঁজ কেউ রাখেনি। এঁরা কেউ একটা ই-মেইলের সৌজন্যমূলক উত্তর দেওয়া তো দূরের কথা আমার ওয়েবপেজে নিদেন একটা মন্তব্য, কিম্বা ভালোলাগার কথাও জানাননি। আর আজ দ্যাখো টাকার কথায় সকলেই আমাকে  চাইছে।রাজামশাই অবিশ্যি মুখে কুলুপ এঁটে বসে আছেন। কারণ তিনি আটঘাঁট বুঝে চলেন। সাদা কাপড়ে কাদা লেগে যাওয়ার চান্স শতকরা ১০০ ভাগ। চ্যালাচামুন্ডারা পেলে তিনি পাবেননা তা হয়না।  মনে মনে ভয়ও যে ছিলনা তা নয়। কারণ আসন্ন নির্বাচনে কালি লেগে ভাবমূর্তি নষ্ট হয়ে গেলেও বিপদ আবার নির্বাচনী প্রচারে প্রচুর অর্থেরো প্রয়োজন।  অগত্যা নারদ‌ই সহায়। নারদ‌ই গৌরীসেন। "তোমরা আমাদের মোহর দাও, আমরা তোমার কাজে লাগব" এই নীতিতে বিশ্বাসী হয়ে সব দুঁধে রাজমন্ত্রীরা নারদের মোহরের থলি থেকে একে একে প্রচুর মোহর পেলেন। 

Monday, April 25, 2016

স্বর্গীয় রমণীয়(৯)

ত্রিভুবন ঘুরতে ঘুরতে দেবর্ষি নারদ একদিন মহাভারতের পান্ডব রাজসভায় আসেন।পান্ডবগণ যথোচিত মর্যাদায় নারদমুণির অভ্যর্থণা করলেন। নারদের সেখানে আগমনের কারণ ছিল রাজনীতি বিষয়ক।  দেবর্ষি রাজার উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন। 
তিনি পান্ডবদের প্রশ্ন করলেন রাজাগণ কেবল অর্থচিন্তাতেই কালাতিবাহিত করছেন কিনা সেই নিয়ে। অর্থচিন্তার কারণে ধর্মচিন্তায় তাঁদের অনাসক্তি যেন না জন্মে এই ছিল নারদের চিন্তা। তিনি আরো বললেন, অর্থচিন্তাতো থাকবেই কিন্তু সেইসাথে রাজ্যের উন্নতিকল্পে বিবিধ উন্নয়নমূলক ক্রিয়াকর্মাদি যেমন, সেতুনির্মাণ, দুর্গনির্মাণ, পৌরকার্য্যাদি, জনপদ রক্ষণাবেক্ষণ...এইসব ঠিকমত সম্পাদিত হচ্ছে তো? কৃষি-বাণিজ্য-শিল্প-শিক্ষা-স্বাস্থ্যখাতে ঠিকমত অর্থাদি ব্যয় হচ্ছে তো? রাজ্যের কোষাগারে আয়ব্যয়ের হিসাবপত্র ঠিকমত রাখা হচ্ছে তো? তার রাজ্য চালাতে গেলে রাজাকে অষ্টবিধ রাজকার্য সম্যকভাবে সমাধা করতে হয়।  তিনি সে ব্যাপারে বেশ স্বচ্ছ তো? 

 রাজ্যের মঙ্গলার্থে শত্রু-মিত্র সকলের সহিত রাজা সুসম্পর্ক বজায় রাখেন তো? রাজার বাক্‌সংয্ম, বিনয় এবং অসূয়াপূর্ণ ব্যাবহার‌ই কিন্তু রাজ্যের উন্নতির জন্য অবশ্য কর্তব্য।   রাজা যেন কেবলি স্বার্থপরের ন্যায় তাঁর উপকারে লাগে এমন ব্যাক্তির সংসারের ভরণপোষণের দায়িত্ব নেন। যুদ্ধে শত্রুপক্ষের দ্বারা ভীত, ক্ষীণবল মানুষজনের পাশে থাকাটাও তাঁর অবশ্য কর্তব্য। রাজকোষাগারের অর্থ কি রাজার ইচ্ছায় নয়ছয় হয়? শিল্পীমহল, বণিক সম্প্রদায় ও ঠিকাদারগণই কি  রাজতোষণ করে সমস্ত অর্থের সিংহভাগ লুটেপুটে নেন? হে রাজন্‌! আপনি কি তার হিসাব রাখেন? বৃদ্ধ, দরিদ্র, কৃষক, আশ্রিত, অনাথ ব্যাক্তিবর্গ কি সেই অর্থের ছিটেফোঁটাও ভোগ করেন না? রাজ্য মধ্যে মধ্যে নগর উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে বড় বড় পুষ্করিণী খনন হয়েছে কি? কৃষিকার্য মৌসুমীবায়ু নিরপেক্ষ হয়ে  সম্পন্ন হয়েছে কি? পৌরবর্গ ও জনপদবাসীর সঙ্গে আপনার বিরোধ নেই তো? আমি যতদূর জানি, রাজা নাস্তিকতা, অমৃতপান, নিদ্রা, কলহ, ক্রোধ , নিরন্তর অর্থচিন্তা, দীর্ঘসূত্রতা ইত্যাদি চৌদ্দটি রাজদোষ বর্জন করে রাজ্যাভিষেকের কালে শপথ নিয়ে সিংহাসনে বসেছিলেন। কিন্তু তা কি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন? 
যুদ্ধিষ্ঠির এতক্ষণ একটুও অস্থির না হয়ে শুনছিলেন দেবর্ষি নারদের প্রশ্নগুলি। নারদ থামলে তিনি বললেন, হে দেবর্ষি! আপনি এতক্ষণ যে ধর্মনিচয় প্রশ্নগুলি আমার উদ্দেশ্যে নিক্ষেপ করলেন তা অত্যন্ত ন্যায়সম্মত। আমি সাধ্যানুযায়ী আমার রাজ্যের কল্যাণে যতটা পারি পালন করে থাকি।    কিন্তু তবুও কিছু কিছু সত্কার্যের মধ্যে অঘটনস্বরূপ  সামান্য দোষ হয়েও যায়। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। দেবর্ষি নারদ যারপরনেই খুশি হয়ে রাজা যুধিষ্ঠিরকে  বললেন, এযাবতকাল বহু স্থান পর্যটন করতে  গিয়ে বহু  রাজন্যবর্গের সহিত সাক্ষাত ও তাঁদের অনিন্দ্যসুন্দর  রাজসভা  পরিদর্শণ হয়েছে। কিন্তু আপনার মত রাজা আমি দেখিনি। আপনি সত্যি‌ই ধর্মরাজ।

অথ মহাভারত (সভাপর্ব) সমাপ্ত।

"বেশ হালকাভাবে নিলেন তো ব্যাপারটা! সত্যি আপনার ন্যায় স্থীতধী রাজা বিরল" নারদ ভাবলেন।
পাশ থেকে এক যেন ফিসফিস করে বলে উঠল,
" জানোনা তো? রাজ্যপাট চালাতে গেলে প্রচুর বুদ্ধির প্রয়োজন। মহারাজ যুধিষ্ঠির খুব ভালোভাবেই জানেন এসব রাজনৈতিক কূটকাচালী কি করে হ্যান্ডেল করতে হয়। কথায় কথা বাড়ে। কেঁচো খুঁড়তে খুঁড়তসাপ বেরিয়ে আসতে পারে! অতএব মৌনতাই সদ্‌বুদ্ধির লক্ষণ"